পুজোর ছুটিতে কি সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন? এখনই জেনে নিন এই জরুরি নিয়ম! – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন পুজোয় সিকিম ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য বড়সড় বদল আনল রাজ্য সরকার। প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং পরিষেবা উন্নত করতে হোটেল, হোমস্টে ও রেস্তরাঁ বুকিংয়ের সমস্ত অফলাইন পদ্ধতি এবং কাগজের নথিপত্র আদান-প্রদান আজ মঙ্গলবার থেকে সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। এখন থেকে সমস্ত বুকিং ও আবেদন ‘সিঙ্গেল সাইন-অন’ পোর্টালের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। পাশাপাশি, বাতিল করা হয়েছে আগের ব্যাঙ্ক রসিদ ব্যবস্থা। এর পরিবর্তে চালু হয়েছে একটি আধুনিক অনলাইন পেমেন্ট গেটওয়ে, যেখানে সাউন্ড-বক্স সহ কিউআর কোডের মাধ্যমে লেনদেন করা যাবে এবং পেমেন্টের একমাত্র প্রমাণ হিসেবে কিউআর পেমেন্ট রসিদই গ্রহণযোগ্য হবে।
তবে ট্রাভেল এজেন্ট, অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর, ট্যুরিস্ট গাইড ও রাঁধুনিদের মতো কিছু নির্দিষ্ট পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আপাতত আগের মতোই সরাসরি আবেদন জমা দেওয়ার পুরনো নিয়ম বহাল থাকছে। পর্যটন বিভাগ জানিয়েছে, ডিজিটাল ব্যবস্থায় এই রূপান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পর্যটন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তাই যারা আগামী দিনে সিকিম ভ্রমণের কথা ভাবছেন, তারা অনলাইনের মাধ্যমেই সমস্ত প্রস্তুতি সেরে নিন।
