“সবাই ল্যাম্পপোস্ট ছিল, একটাই তো পোস্ট!” নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর – এবেলা

“সবাই ল্যাম্পপোস্ট ছিল, একটাই তো পোস্ট!” নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যগ্রাম: রাজ্য রাজনীতিতে সমবায় আন্দোলন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মধ্যগ্রামে একটি মহিলা সোসাইটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দাবি করেন, বিগত ১৫ বছরে রাজ্যে সমবায় ব্যবস্থাকে পুরোপুরি অবহেলা করা হয়েছে।

অতীতে ওই মন্ত্রিসভায় নিজের থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, “সেখানে সবাই তো কেবল ল্যাম্পপোস্ট ছিল, আসল পোস্ট তো একটাই! কাউকে কিছু বোঝাতে গেলেই বলা হতো— ‘আমি সব জানি’। কিন্তু শেখার মানসিকতা না থাকলে কাজ হয় না।”

রাজ্যের অর্থনৈতিক অচলাবস্থার খতিয়ান তুলে ধরে তিনি জানান, বর্তমানে রাজ্যের প্রায় ছয় হাজার সমবায় সমিতির মধ্যে অন্তত দু’হাজারটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে রয়েছে। বিগত ১২ বছর ধরে প্রাথমিক ও রাজ্য স্তরের সমবায় সমিতিগুলিতে কোনো নির্বাচনই করা হয়নি। এমনকি ইঞ্জিনিয়ার্স কো-অপারেটিভের ২৫ শতাংশের কাজের কোটাও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি।

সমবায়কে দেশের অর্থনীতির একটি শক্তিশালী ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত ও পৌরসভার মতোই সমবায়ও এক ধরনের স্থানীয় সরকার। এই বিকল্প অর্থনীতিকে যত বেশি শক্তিশালী করা যাবে, রাজ্যের অর্থনৈতিক উন্নতির নতুন পথ তত বেশি উন্মুক্ত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *