চলন্ত সিঁড়ি ও লিফটে সাজবে হাওড়া মাছের বাজার! ২৫০ কোটি টাকার মেগা প্রজেক্টে বদলাবে রাজ্যের প্রবেশদ্বার – এবেলা

চলন্ত সিঁড়ি ও লিফটে সাজবে হাওড়া মাছের বাজার! ২৫০ কোটি টাকার মেগা প্রজেক্টে বদলাবে রাজ্যের প্রবেশদ্বার – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়া স্টেশনের পুরোনো মাছের বাজার ভেঙে প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে একটি ছয় তলা অত্যাধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নতুন এই বাজারে থাকবে আধুনিক মার্কেটিং জোন, বিক্রেতা ও কর্মচারীদের জন্য বিশেষ আবাসন এবং উন্নত স্বাস্থ্যকেন্দ্র। এছাড়াও ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার জন্য থাকবে চলন্ত সিঁড়ি, লিফট এবং সুপরিসর পার্কিংয়ের ব্যবস্থা। সোমবার হাওড়া জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে স্টেশন চত্বর ও এর আশেপাশের এলাকা পরিদর্শনের পর এই মেগা প্রকল্পের কথা জানান পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপ প্রিয়া ও পুর কমিশনার তেজস্বী রানাসহ রেল ও পুলিশের পদস্থ কর্তারা।

দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরের সার্বিক আধুনিকীকরণে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন মন্ত্রী। বিগত ৫০ বছরে এই চত্বরে তেমন কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি জানান, ভগ্নপ্রায় বাসস্ট্যান্ডের শেড সংস্কারসহ সাবওয়ের পরিবেশ উন্নত করার কাজ দ্রুত শুরু হবে। ট্রেন ও বাসযাত্রীদের উন্নত পরিষেবা প্রদান এবং হাওড়াকে রাজ্যের একটি আধুনিক ও পরিচ্ছন্ন প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। অস্থায়ী কাজগুলোর পাশাপাশি খুব শীঘ্রই পুরো এলাকাটিকে ঢেলে সাজানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *