জাপানে ইন্টার্নশিপে গিয়ে রহস্যমৃত্যু খড়গপুর আইআইটির মেধাবী ছাত্রের, শোকের ছায়া ক্যাম্পাসে – এবেলা

এবেলা ডেস্কঃ
জাপানে আন্তর্জাতিক ইন্টার্নশিপ করতে গিয়ে রহস্যজনক পরিস্থিতিতে প্রাণ হারালেন খড়গপুর আইআইটির এক মেধাবী শিক্ষার্থী। মৃত ছাত্রের নাম শ্যাম সন্তোষ আগরওয়াল (২৪)। তিনি আইআইটি খড়গপুরের ‘স্থাপত্য ও পরিকল্পনা’ বিভাগের মাস্টার্স অফ আর্কিটেকচার-এর ছাত্র ছিলেন এবং ক্যাম্পাসের লাল বাহাদুর শাস্ত্রী হলে থাকতেন।
আইআইটি সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ইন্টার্নশিপের জন্য তিনি জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। গত রবিবার সেখানে সমুদ্রস্নানে নামলে একটি দুর্ঘটনার শিকার হন শ্যাম সন্তোষ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হিরোশিমা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। সোমবার এই মর্মান্তিক খবর খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।
এই অকালমৃত্যু নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খড়গপুর আইআইটি-র অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। ছাত্রটির পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।” ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।
