বিশ্বজুড়ে অস্থিরতা, তবুও ভারতের জিডিপি ৭.৮ শতাংশ! সমালোচকদের মুখে জবাব দিয়ে কী বললেন মোদী? – এবেলা
এবেলা ডেস্কঃ
যুদ্ধের আঁচ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার মতো বহুমুখী প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দেশের এই দুর্দান্ত অগ্রগতি অর্জিত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে দেশের প্রকৃত জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ৮১.৩৬ লক্ষ কোটি টাকা, যা গত বছরের প্রথম ত্রৈমাসিকে ছিল ৭৫.৪৬ লক্ষ কোটি টাকা।
এই অভাবনীয় সাফল্যের পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভেতরে থাকা সমালোচকদের কড়া ভাষায় জবাব দেন। তিনি বলেন, কিছু মানুষ সবসময় হতাশা ছড়ানোর চেষ্টা করলেও দেশবাসী সেই সমস্ত বাধা পেরিয়ে এই সফলতা অর্জন করেছে। ভবিষ্যতে দেশকে পুরোপুরি আত্মনির্ভর করে তুলতে তিনি ‘স্বদেশী’ মন্ত্রে জোর দেওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও বিদেশ গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
