জয়পুর থেকে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার কলেজছাত্র! – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রোজেক্টের কাজ সেরে জয়পুর থেকে কলকাতা ফেরার পথে উত্তরপ্রদেশে চলন্ত প্রতাপ এক্সপ্রেস থেকে নিখোঁজ হয়েছেন বাংলার এক কলেজছাত্র। কাটোয়ার পানুহাটের বাসিন্দা প্রিয়াংশু দেবনাথ কলকাতার একটি বেসরকারি কলেজের ম্যানেজমেন্টের ছাত্র। গত ২০ আগস্ট সহপাঠীদের সঙ্গে জয়পুর গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে কানপুর স্টেশন ছাড়ার পর মোবাইল ফোন চার্জে বসিয়ে শৌচাগারে যাওয়ার কথা বলে সিট থেকে ওঠেন প্রিয়াংশু, কিন্তু আর ফেরেননি। ট্রেন কলকাতায় পৌঁছালেও তাঁর কোনো খোঁজ মেলেনি, তবে তাঁর ব্যাগ, জুতো ও মোবাইল ফোন ট্রেনেই উদ্ধার হয়েছে।
এই আকস্মিক ঘটনায় গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজ ছাত্রের পরিবার। রেলপুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফতেপুর ও খাগা স্টেশনের মাঝামাঝি কোনো স্থান থেকে তাঁর পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই প্রিয়াংশুর বাবা ও জেঠুষহ পরিবারের ছয় সদস্য উত্তরপ্রদেশে পৌঁছে তল্লাশি শুরু করেছেন। রেলপুলিশের সার্বিক সহযোগিতায় নিখোঁজ কলেজছাত্রের সন্ধান পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
