যাদবপুরে যত্রতত্র দেওয়াল লিখন বন্ধের নির্দেশ! জাতীয় সংহতি ও পরিচ্ছন্নতা রক্ষায় উপাচার্যের খোলা চিঠি – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র দেওয়াল লিখন, গ্রাফিতি বা পোস্টার লাগানোর ওপর রাশ টানতে সব পক্ষকে আর্জি জানালেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। সম্প্রতি ক্যাম্পাসের দেওয়ালে রাজনৈতিক স্লোগান ও ‘বিতর্কিত’ দেওয়াল লিখন নিয়ে জলঘোলা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর মঙ্গলবার এই পদক্ষেপ নেন তিনি। একটি খোলা চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য।
চিঠিতে উপাচার্যের বক্তব্য ও নির্দেশাবলি:
- ঐতিহ্য ও দায়িত্ব: উপাচার্য মনে করিয়ে দেন, জাতীয় আন্দোলনের পটভূমিতে গড়ে ওঠা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। কিন্তু সেই স্বাধীনতার পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্য, মর্যাদা ও পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বও সবার।
- নির্দিষ্ট স্থান নির্ধারণ: মতপ্রকাশের অধিকারে যেন কোনো আঘাত না আসে, সে জন্য ক্যাম্পাসে দেওয়াল লিখন বা গ্রাফিতির জন্য খুব শীঘ্রই কয়েকটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেওয়া হবে।
- বিষয়বস্তুতে সতর্কতা: দেওয়াল লিখনের কনটেন্ট বা বিষয়বস্তু নিয়েও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোনো উস্কানিমূলক, অরুচিকর, কিংবা জাতীয় ঐক্য ও সংহতির পরিপন্থী বক্তব্য লেখা যাবে না। এমন কিছু লেখা বা আঁকা যাবে না যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানতে পারে বা ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে পারে।
প্রেক্ষাপট:
কয়েক দিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি (ABVP) ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘দেশবিরোধী’ স্লোগান লেখা রয়েছে। বিশেষ করে দেওয়ালে ‘কিষেনজিকে লাল সেলাম’ গোছের স্লোগান ঘিরে শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই পদক্ষেপ শুরু করে কর্তৃপক্ষ। রবিবার ক্যাম্পাসের একাধিক বিতর্কিত দেওয়াল চুনকাম করে দেওয়া হলেও, পরে বাম ও অতিবাম সংগঠনের সদস্যরা পুনরায় কার্ল মার্কসের উক্তি লিখে দেন। সার্বিক এই পরিস্থিতিতে ক্যাম্পাসে শান্তি ও সৌন্দর্য বজায় রাখতেই এই নোটিশ জারির পদক্ষেপ নেন উপাচার্য।
