‘গেল গেল রব তোলার কারণ নেই’: রাজ্যে গত বারের চেয়ে অর্ধেকে নামল ডেঙ্গি, দাবি মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত বারের তুলনায় অর্ধেকেরও কম— মঙ্গলবার ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর এই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে রাজ্যে ১৪৮ জন ডেঙ্গি পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ফলে অহেতুক আতঙ্ক ছড়ানোর বা “গেল গেল রব” তোলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
স্বাস্থ্য ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং কলকাতা ও হাওড়া পুরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর এই সময়ে যেখানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭,৬০০-র বেশি, সেখানে এ বছর তা নেমে এসেছে প্রায় ৪,০০০-এ।
বৃহত্তর কলকাতার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, মোট ১৬৩টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ এলাকা সংক্রমণমুক্ত, মাত্র ১২টি ওয়ার্ডে প্রভাব রয়েছে। এছাড়া মুর্শিদাবাদের নওদা ও নদিয়ার চাকদহের মতো কিছু ব্লকে সংক্রমণ চলায় আগামী নভেম্বর পর্যন্ত কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আশা কর্মীদের সামান্য জ্বর অবহেলা না করে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে এবং আক্রান্ত ১৪৮ জনের পরিবারের ওপর নজর রাখা হচ্ছে।
ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে অতিরিক্ত ধোঁয়া ব্যবহারের বদলে তরল লার্ভানাশক ব্যবহারের ওপর জোর দিয়েছে রাজ্য। পাশাপাশি, আগামী ৩, ৪ এবং ৫ সেপ্টেম্বর কলকাতা পুরসভা ও কেএমডিএ এলাকায় এনজিও ও পুলিশের সহায়তায় বিশেষ সাফাই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়, যেখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই উপকৃত হয়েছেন।
