লাদাখে সিন্ধুর জলে দেশের প্রথম ‘রক ড্যাম’: চাষে স্বস্তি, পাকিস্তানকে বড় বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ
লাদাখের কৃষিপ্রধান অঞ্চলে জলসঙ্কট মেটাতে এবং সীমান্তবর্তী এলাকায় সিন্ধু নদের জল ব্যবহারের পরিধি বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ভারত। লেহ-র উপশিতে সিন্ধু নদের উপর তৈরি করা হয়েছে দেশের প্রথম ‘হিমালয়ান রক চেক ড্যাম’। কোনো সিমেন্ট ব্যবহার না করে, সম্পূর্ণ প্রাকৃতিক বড় বড় পাথর দিয়ে নির্মিত এই বাঁধের ফলে নদীতে জলের স্তর প্রায় ১০ ফুট বৃদ্ধি পেয়েছে।
কৃষকদের স্বস্তি ও নতুন পরিকাঠামো গভীর গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় এতদিন বসন্তকালের বীজ বোনার মরশুমে পাম্প দিয়েও নদী থেকে জল তোলা কঠিন ছিল। উপরন্তু সিন্ধুর জল ব্যবহারে নানা আইনি ও ভৌগোলিক সীমাবদ্ধতা থাকায় বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদি পড়ে থাকত। নতুন তৈরি এই বাঁধটিতে প্রায় ৪ কোটি লিটার জল সঞ্চয় করা সম্ভব হচ্ছে, যা ‘ইগু ফে’ সেচ খালের মাধ্যমে খরাপ্রবণ অঞ্চলের কৃষিজমিতে পৌঁছে যাচ্ছে।
এই সাফল্য ধরে রাখতে এবং পুরো অঞ্চলে জলনিরাপত্তা সুনিশ্চিত করতে লাদাখ প্রশাসন আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কাছে প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে ৩৬টি নতুন চেক ড্যাম তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে লেহ অঞ্চলে ৭টি ‘রক চেক ড্যাম’ এবং কার্গিল অঞ্চলে ২৯টি ‘আরসিসি চেক ড্যাম’ বা উইয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পাকিস্তানকে স্পষ্ট কৌশলগত বার্তা স্থানীয় কৃষির উন্নতির পাশাপাশি এই প্রকল্পের একটি গভীর কৌশলগত গুরুত্ব রয়েছে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সীমান্তবর্তী এলাকায় নদীর জল ব্যবহারে পরিকাঠামো গঠনে বাড়তি জোর দিচ্ছে। এই বাঁধ তৈরির মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিল যে, সিন্ধুর জল নিম্নপ্রবাহে পাকিস্তানে পৌঁছে যাওয়ার আগেই তা নিজেদের সীমান্ত এলাকার কৃষি ও জনজীবনের স্বার্থে পূর্ণমাত্রায় ব্যবহার করা হবে।
