মণিপুরে ফের বোমা হামলা! এবার কংগ্রেস পরিষদীয় নেতার বাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ – এবেলা

এবেলা ডেস্কঃ
দ্যওয়াল ব্যুরো: নতুন করে হিংসার আগুনে জ্বলতে থাকা মণিপুরে ফের ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এবার মণিপুর বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি কে মেঘচন্দ্র সিং-এর বাসভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটা পনেরো মিনিট নাগাদ থৌবাল জেলার ইয়ারিপোকের বিষ্ণুনাহা এলাকায় কংগ্রেস নেতার বাড়ির মূল গেটের সামনে এই বিস্ফোরণ ঘটে। আচমকা এই বিকট শব্দে সমগ্র এলাকা স্তব্ধ হয়ে যায়। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুমান, অজ্ঞাতপরিচয় কোনো দুষ্কৃতী মেঘচন্দ্র সিং-এর বাড়ির কাছে বিস্ফোরকটি ছুঁড়ে পালিয়েছে। তবে কারা এই হামলায় জড়িত কিংবা আক্রমণের নেপথ্যে ঠিক কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট সূত্র মেলেনি। সন্দেহভাজনদের চিহ্নিত করতে পুলিশ ইতিমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। তবে ঘনজনবসতিপূর্ণ এলাকায় এই ধরণের হামলায় হতাহতের কোনো খবর না থাকলেও, নিরাপত্তা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। এই ঘটনার ঠিক আগের দিনই কাংপোকপি এলাকার একাধিক গ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলি হামলা চালিয়ে অন্তত ২৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। শুধু তা-ই নয়, মাত্র কয়েক দিন আগেই কনথৌজাম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্য সরকারের মুখপাত্র সাপাম রঞ্জন সিংয়ের বাড়িতেও একইভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। একের পর এক বিধায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলার এই ধারায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। জনবহুল এলাকায় বেছে বেছে হামলা চালানোকে তিনি গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ বলেও অভিহিত করেন।
রাজ্যে শাসক ও বিরোধী দলীয় নেতাদের ওপর ঘনঘন হামলা এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মণিপুরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব। বিরোধী দলের নেতার বাড়ির সামনে এমন দুর্ধর্ষ বিস্ফোরণের ঘটনায় রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে যৌথ অভিযান চালানো হচ্ছে।
