‘অপরাধ’ সমপ্রেম! আসানসোলের নেশামুক্তি কেন্দ্র থেকে উদ্ধার তরুণী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 5, 202610:33 am
সমকামী হওয়ার ‘অপরাধে’ এক প্রাপ্তবয়স্ক তরুণীকে জোর করে নেশামুক্তি কেন্দ্রে আটকে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। অবশেষে বান্ধবীর তৎপরতা এবং কলকাতার এলবিটি (LBT) সংগঠন ‘স্যাফো ফর ইকুয়ালিটি’র সহায়তায় আসানসোলের একটি পুনর্বাসন কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে। বর্তমানে দুই তরুণীই নিরাপদে রয়েছেন।
পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ এলাকার বাসিন্দা ওই দুই প্রাপ্তবয়স্ক তরুণী দীর্ঘদিনের পরিচিত এবং তাঁরা স্বেচ্ছায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই সম্পর্ক মেনে নিতে পারেনি এক তরুণীর পরিবার। অভিযোগ, গত ২৪ জুলাই গভীর রাতে পুলিশ পরিচয়ে কয়েকজন পুরুষ তরুণীকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে আসানসোলের একটি নেশামুক্তি কেন্দ্রে আটকে রাখে।
তরুণীর মোবাইল কেড়ে নেওয়ার ঠিক আগেই তিনি তাঁর বান্ধবীকে বিষয়টি জানাতে পেরেছিলেন। বান্ধবীর আবেদনের ভিত্তিতেই ‘স্যাফো ফর ইকুয়ালিটি’ নামক সামাজিক সংগঠনটি অনুসন্ধানে নামে এবং গোপন সূত্রে তরুণীর অবস্থান চিহ্নিত করে। গত বৃহস্পতিবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশের উপস্থিতিতে আসানসোলের ওই কেন্দ্র থেকে তরুণীকে উদ্ধার করে তাঁর বান্ধবীর হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকর্মীরা। বিশিষ্ট সাহিত্যিক ও সমাজকর্মী জয়া মিত্র জানান, সমকামিতা কোনো ব্যাধি নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। এর জন্য কারো ওপর নির্যাতন চালানো অপরাধ। অন্যদিকে, ‘স্যাফো ফর ইকুয়ালিটি’র অন্যতম প্রতিষ্ঠাতা মীনাক্ষী সান্যাল আইনি সংস্কারের পাশাপাশি সমকামী মানুষদের বিষয়ে সামাজিক মানসিকতা বদলের জোর দাবি জানিয়েছেন।
