শিক্ষক দিবসে বদলে গেল সব, টিউশন সেরে ফেরার পথে যুবকের ভাগ্যে এ কী ঘটল! – এবেলা

এবেলা ডেস্কঃ
শিক্ষক দিবসের আগের রাতে পূর্ব বর্ধমানের রায়নায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৪ বছর বয়সী জনপ্রিয় গৃহশিক্ষক অমিতকুমার কোলে। রায়না এক ব্লকের ভীমপুর গ্রামের বাসিন্দা অমিতবাবু শুক্রবার রাতে প্রাইভেট টিউশন সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টা নাগাদ নাড়ুগ্রাম বাসস্টপের কাছে অন্ধকার ও বৃষ্টিভেজা রাস্তায় আচমকাই তাঁর বাইকের সামনে একটি শেয়াল চলে আসে। প্রাণীটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক থেকে ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন।
খবর পেয়ে রায়না থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শিক্ষক দিবসের শুভ লগ্নে এমন আকস্মিক ও হৃদয়বিদারক বিয়োগে বাকরুদ্ধ মৃত শিক্ষকের পরিবার ও প্রতিবেশীরা। প্রিয় শিক্ষককে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তাঁর বহু খুদে পড়ুয়া। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায় এবং শিক্ষক মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
