‘নীতিহীন, সংস্কৃতিহীন দল!’ শিক্ষক দিবসের মঞ্চ থেকে বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ মমতার – এবেলা

‘নীতিহীন, সংস্কৃতিহীন দল!’ শিক্ষক দিবসের মঞ্চ থেকে বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

শিক্ষক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠল তরজা। শিক্ষা পরিকাঠামো নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমালোচনার কড়া জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর এক সভা থেকে বিজেপিকে ‘প্রচারসর্বস্ব’ এবং ‘সংস্কৃতিহীন’ বলে তীব্র আক্রমণ শানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ কণ্ঠে মমতা বলেন, “আজকে শিক্ষাগুরুরা অত্যন্ত বঞ্চিত, লাঞ্ছিত ও আসাম্মানিত। অথচ ছোটবেলা থেকে যাঁদের কাছে শিক্ষা পেয়েছি, তাঁদের জ্ঞানই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা।” উল্লেখ্য, শনিবার সকালে নিউ টাউনের এক অনুষ্ঠান থেকে বিজেপির বর্তমান মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে, বিগত তৃণমূল জমানায় শিক্ষাক্ষেত্রে কেবল দুর্নীতি হয়েছে, কোনো উন্নয়ন হয়নি।

শুভেন্দু অধিকারীর এই দাবির পালটা জবাবে তৃণমূল নেত্রী বলেন, তাঁর জমানায় সমস্ত বিধায়ক ও সাংসদদের অন্তত পাঁচটি করে স্কুল ভবন তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যসভার সাংসদ তহবিল থেকেও প্রচুর স্কুল ভবন, অ্যাম্বুলেন্স এবং সিসিটিভি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বর্তমান সরকারের প্রতি তাঁর পরামর্শ, ইতিমধ্যেই তৈরি হওয়া পরিকাঠামোটির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করলেই অনেক উন্নয়ন সম্ভব।

বক্তব্যের মাঝেই রাজ্য সরকারের প্রচার নীতি নিয়ে তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নন্দনের একটি অনুষ্ঠানের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ঘরের ভিতরে অনুষ্ঠান হচ্ছে আর বাইরে সারা চত্বর জুড়ে মাইক বাজানো হচ্ছে! আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব পরিচালনা করেও আমি এমনটা দেখিনি। এরা একটা নীতিহীন, রুচিহীন, ভাষাহীন, সংস্কৃতিহীন ও সম্প্রীতিহীন দল। এরা দেশকেও চেনে না, বাংলাকেও চেনে না।”

শিক্ষার পাশাপাশি বর্তমান সরকারের জনবিরোধী নীতির কঠোর সমালোচনা করেন মমতা। বিকল্প ব্যবস্থা না করে হকারদের রুটিরুজি কেড়ে নেওয়া এবং নারীদের জন্য চালু থাকা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিজেপির প্রতি তাঁর চূড়ান্ত সংযোজন, বাংলার সংস্কৃতি বা সাধারণ মানুষের প্রয়োজন সম্পর্কে এই দলের কোনো জ্ঞানই নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *