ভুয়ো দোকানের আড়ালে সাইবার জালিয়াতি! যাদবপুরে পুলিশের জালে ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ
ভুয়ো দোকানের নাম ভাঙিয়ে বেআইনি ভাবে সিম বিক্রি এবং তা সাইবার জালিয়াতিতে ব্যবহারের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ। ধৃতদের নাম পিন্টু ঘোষ, রাজীব পাসোয়ান এবং বাবুসোনা হালদার।
ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (NCRP) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত ১৫টি অভিযোগের সূত্র ধরে এই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে দেখা যায়, বাঘাযতীন কলোনির ‘মা ভ্যারাইটি’ নামের একটি দোকান থেকে বেআইনি ভাবে ১০টি সিম বিক্রি করা হয়েছে। কিন্তু পুলিশ ওই ঠিকানায় গিয়ে দেখে, খাতায়-কলমে থাকলেও বাস্তবে ‘মা ভ্যারাইটি’ নামের কোনও দোকানের অস্তিত্বই নেই। ভুয়ো ঠিকানা ব্যবহার করে এই সিমগুলি কেনা হয়েছিল।
ঘটনায় জালিয়াতির বিষয়টি স্পষ্ট হতেই শুক্রবার যাদবপুর থানায় নতুন করে মামলা রুজু হয়। এরপরই অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পিন্টু ঘোষ ভুয়ো চিঠিতে সই ও সিল মেরে সিমের অনুমোদন দিতেন। তাঁকে একডালিয়া থেকে পাকড়াও করা হয়। অন্যদিকে, রাজীব পাসোয়ান অপর অভিযুক্ত বাবুসোনা হালদারের কাছ থেকে ওই সিমগুলি কিনতেন।
পুলিশের অনুমান, এই সিমগুলি ব্যবহার করে দেশজুড়ে বড় ধরনের সাইবার অপরাধ ও আর্থিক জালিয়াতি চালানো হতো। এই চক্রের সাথে পয়েন্ট অব সেল (POS) এজেন্টদের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
