৩০ হাজার ড্রোন কিনতে পর্ন* ইন্ডাস্ট্রি বৈধ করার পথে ইউক্রেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে কার্যত ধসে পড়েছে ইউক্রেনের অর্থনীতি। যুদ্ধের বিপুল খরচ সামলাতে ও সামরিক রসদ জোগাতে এবার এক অভূতপূর্ব পদক্ষেপের দিকে এগোচ্ছে ভলোদিমির জেলেনস্কির দেশ। সেনাবাহিনীর জন্য অন্তত ৩০ হাজার ড্রোন কেনার অর্থ সংস্থানে পর্নোগ্রাফি বা প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পকে আইনি বৈধতা দেওয়ার চিন্তাভাবনা করছে ইউক্রেন সরকার।
সংসদে বিল ও কর আয়ের হিসাব ইউক্রেনের বিরোধী দলের সংসদ সদস্য ইয়ারোস্লাভ জ়েলেজ়নিয়াক সংসদে পর্ন ইন্ডাস্ট্রিকে বৈধ করার প্রস্তাব এনে একটি নতুন বিল পেশ করেছেন। ইতোমধ্যে বিলটি প্রথম দফার ভোটে অনুমোদিত হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, এই শিল্পকে আইনি কাঠামোর অধীনে আনলে কর বাবদ বছরে সরকারের আয় হতে পারে প্রায় ২ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার। সাংসদ জ়েলেজ়নিয়াকের দাবি, এই বিপুল রাজস্ব দিয়ে যুদ্ধক্ষেত্রের জন্য প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব হবে।
আইনি বাধা ও অনলিফ্যানসের জনপ্রিয়তা বর্তমানে ইউক্রেনে পর্ন ছবি বা প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ, যার সাজা সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড। তা সত্ত্বেও অনলাইনের যুগে গোপনে অনেকেই এই কাজ করছেন। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ইউক্রেনের প্রায় ৭,৯০০ জন কনটেন্ট ক্রিয়েটর জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘অনলিফ্যানস’ (OnlyFans) থেকে ১৩ কোটি ১০ লক্ষ ডলারের বেশি আয় করেছেন। তবে এটি বেআইনি হওয়ায় আয় ঘোষণা করতে গিয়ে পুলিশি হয়রানি ও ফৌজদারি মামলার মুখে পড়তে হচ্ছিল ক্রিয়েটরদের।
জনতার পিটিশন ও জেলেনস্কির সিদ্ধান্ত আইনি জটিলতার কারণে সরকার এই খাত থেকে বিপুল রাজস্ব হারাচ্ছিল। সম্প্রতি সভিতলানা দ্বর্নিকোভা নামে এক অনলিফ্যানস ক্রিয়েটরের বাড়িতে পুলিশি অভিযান চালানোর পর তিনি রাষ্ট্রপতি ভলোদিমির জ়েলেনস্কির দাপ্তরিক ওয়েবসাইটে পর্ন ইন্ডাস্ট্রিকে আইনি ছাড়পত্র দেওয়ার জন্য একটি পিটিশন জমা দেন। মাত্র এক সপ্তাহের মধ্যে ২৫ হাজারের বেশি নাগরিক তাতে সই করেন।
জনগণের এই অভূতপূর্ব সাড়া দেখে প্রেসিডেন্ট জ়েলেনস্কি বিষয়টি পার্লামেন্টে বিবেচনার নির্দেশ দেন। গত জুলাইয়ে বিলটির প্রথম দফার ভোট শেষ হলেও বর্তমানে এটি দ্বিতীয় ও চূড়ান্ত ভোটাভুটির অপেক্ষায় রয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে ক্রিয়েটররা আইনি সুরক্ষা পাওয়ার পাশাপাশি ইউক্রেনের যুদ্ধ তহবিলেও যুক্ত হবে বড় রাজস্ব।
