মৌসুনিতে জমি-বিবাদে রক্তগঙ্গা! ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত একই পরিবারের ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 7, 202611:33 am
দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় দীর্ঘদিনের জমি-বিবাদ ঘিরে ছড়াল তুমুল উত্তেজনা। দুই ভাইয়ের মধ্যে জমির মালিকানা নিয়ে লড়াই শেষ পর্যন্ত রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের চার সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াড়ার বাসিন্দা শেখ মোবারক হোসেন মোল্লার সঙ্গে তাঁর ভাইয়ের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে ঝামেলা চলছিল। রবিবার বিকেলে মোবারক ও তাঁর পরিবারের সদস্যরা বিতর্কিত ওই জমিতে চাষের কাজ করছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়েই ১০-১২ জনের একটি দল বাঁশ, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আচমকা তাঁদের ওপর চড়াও হয়।
মোবারকের পরিবার বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। আততায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মোবারক, তাঁর স্ত্রী, ছেলে এবং পুত্রবধূ। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
এই ঘটনার পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। তাঁদের দাবি, জমির দখল নিতে পূর্বপরিকল্পিতভাবে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
