পুজোর মুখে বড় ধামাকা! ৫ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ল প্যারা টিচার ও বনকর্মীদের – এবেলা
September 7, 2026

এবেলা ডেস্কঃ
পুজোর আমেজ শুরু হতেই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী ও শিক্ষাসংশ্লিষ্ট কর্মীদের জন্য বড় সুখবর আনল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্যারা টিচার, শিক্ষাবন্ধু এবং বনকর্মীসহ একাধিক ক্ষেত্রের কর্মীদের পারিশ্রমিক ও ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে বড় আর্থিক বৃদ্ধি:
- প্যারা টিচার: প্রাথমিক স্তরে কর্মরত ২০,৩৪৩ জন প্যারা টিচারের মাসিক পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে। অন্যদিকে, উচ্চ প্রাথমিকে কর্মরত ২১,৮৪৯ জনের পারিশ্রমিক ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০,৫২৩ টাকা। উভয়ক্ষেত্রেই ৫,০০০ টাকা করে পারিশ্রমিক বাড়ছে, যা কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।
- শিক্ষাবন্ধু ও অন্যান্য: ২,২৮০ জন শিক্ষাবন্ধুর পারিশ্রমিক ৯,৯৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ জন বিশেষ শিক্ষক, এসএসকে-এমএসকে কর্মী, সহায়ক, সম্প্রসারিকা ও শিক্ষাবিষয়ক তত্ত্বাবধায়কদেরও ভাতা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা দপ্তরের প্রায় ১৩টি ক্যাটাগরির কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন, যার জন্য সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৩৯০ কোটি টাকা খরচ হবে।
বন দফতর ও প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি:
- বনকর্মী: ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, হেড ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ডদের মাসিক ভাতা ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে (কার্যকর ১ অক্টোবর থেকে)। পাশাপাশি প্রায় ১,৫০০ জন বন সহায়কের পারিশ্রমিক ২,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
- প্রাক্তন বিধায়ক: প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে (কার্যকর ১ আগস্ট থেকে)। এ ছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র পরিচালনার জন্য ১ জুন থেকে তাঁদের মাসে ৩০,০০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ‘পারস্পরিক বদলি’ বিল: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পারস্পরিক বদলি (Inter-University Transfer) সহজ করতে ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল, ২০২৬’-এ সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১০ সেপ্টেম্বর বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে এই নতুন আইনি কাঠামোর বিলটি পেশ করা হবে।
