মহারাষ্ট্রে FDA-র মেগা স্ট্রাইক: বাতিল ও সাসপেন্ড ৮৮০টি লাইসেন্স, বাজেয়াপ্ত ১১ কোটি টাকার ওষুধ! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 8, 202612:33 pm
বেআইনি ওষুধ ও প্রসাধনী সামগ্রী বিক্রির বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। সংস্থাটির শীর্ষ আধিকারিক তুকারাম মুন্ধে-র নেতৃত্বে রাজ্যজুড়ে চলে বিশাল অভিযান। চলতি বছরের জুন থেকে আগস্ট—এই তিন মাসে মোট ৮৮০টি ওষুধ প্রস্তুতকারক কারখানা ও প্রসাধনীর দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগে ২০৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং ৬৭৭টির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।
১১.৪১ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত অভিযানে প্রায় ১১.৪১ কোটি টাকা মূল্যের অননুমোদিত ওষুধ ও প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এই তিন মাসে মোট ২,৯০২টি জায়গায় পরিদর্শন চালানো হয়, যার মধ্যে ৬০৭টি ওষুধ কারখানা এবং ২,২৯৫টি প্রসাধনী ও ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া ১০৪টি বিশেষ সার্চ-অ্যান্ড-সিজার অপারেশনের মাধ্যমে ২০টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে এবং ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যেসব অনিয়ম ধরা পড়েছে:
- রেজিস্টার্ড ফার্মাসিস্টের অনুপস্থিতিতে ওষুধ বিক্রি এবং কারখানায় উৎপাদনের নথিপত্রে অনিয়ম।
- প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধসহ একাধিক নিয়ন্ত্রিত ওষুধ বিক্রি।
- ইনসুলিন ও ভ্যাকসিনের মতো সংবেদনশীল ড্রাগ সঠিক উপায়ে সংরক্ষণ না করা।
- মেয়াদউত্তীর্ণ ওষুধ নিয়ম মেনে নষ্ট না করে জমিয়ে রাখা।
তুকারাম মুন্ধে জানান, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও সঠিক গুণমানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করাই FDA-র মূল লক্ষ্য। সে কারণেই উৎপাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত পরিদর্শন ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বাসি ও নষ্ট খাবার বিক্রির অভিযোগে একাধিক নামী রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন এই কড়া অফিসার।
