রাতভর নিখোঁজ টোটো চালক, সকালে পুকুরে ভাসল রক্তাক্ত দেহ! তুমুল চাঞ্চল্য টাকিতে – এবেলা

এবেলা ডেস্কঃ
September 10, 20266:34 pm
টাকি: রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার হলো এক টোটো চালকের রক্তাক্ত দেহ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টাকি রোড সংলগ্ন এলাকাতেই। মৃতের নাম সঞ্জিত দাস (২৯)। তিনি কাজী পাড়া নেতাজিনগর ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। যুবকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
কীভাবে ঘটেছিল ঘটনাটি? পরিবার সূত্রে খবর, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে স্ত্রীর সঙ্গে শেষবার ফোনে কথা হয় সঞ্জিতের। সে সময় তিনি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছেন বলে জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় এবং ফোনে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ে পরিবার। রাতভর আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ চালানোর পর বারাসাত থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করে পরিবার।
মোবাইল টাওয়ার লোকেশন ধরে উদ্ধার দেহ অভিযোগ পেতেই দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। সঞ্জিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায়, তাঁর অবস্থান শাসন থানার গোলাবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। খবর পেয়ে দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খান এবং শাসন থানার আইসি মহম্মদ আসিফ সানির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। টাকি রোডের ধারের একটি পুকুর থেকে সঞ্জিতের ক্ষতবিক্ষত দেহ ভাসতে দেখা যায়।
টোটোর ভেতর রক্তের দাগ, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে উদ্ধার হয় সঞ্জিতের ই-রিকশা বা টোটোটি। সেটির ভেতরেও মিলল তাজা রক্তের দাগ। পুলিশের অনুমান, টোটোর ভেতরেই যুবকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং পরে তাঁকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
মৃতের দাদা তপন দাসের দাবি, সঞ্জিত সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক কারণেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে এটি নিছক রাজনৈতিক হত্যা নাকি নেপথ্যে ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে, তা সব কোণ থেকে খতিয়ে দেখছে পুলিশ।
দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে ফাঁসির সাজা দেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
