খনির শ্রমিককে বদলির নামে ২০ হাজার ঘুষ! পাণ্ডবেশ্বরে হাতেনাতে সিবিআইয়ের জালে তৃণমূল নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ
September 10, 20266:34 pm
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কয়লাঞ্চলে ফের সিবিআই-এর বড়সড় হানা। ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হল তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতা তথা ইসিএল (ECL) কর্মী শঙ্করলাল হরিজনকে। বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
কী নিয়ে ঘুষের কারবার? স্থানীয় সূত্রের খবর, সাউথ শ্যামলা কোলিয়ারির এক কর্মী অসুস্থতার কারণে খনির ভেতরে কাজ করতে পারছিলেন না। অভিযোগ, তাঁকে অন্য জায়গায় বদলি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন শঙ্করলাল। বুধবার রাতে সাউথ শ্যামলা কোলিয়ারিতে টাকা হাতবদলের সময় সিবিআই-এর তিন সদস্যের একটি দল তাঁকে হাতেনাতে পাকড়াও করে।
রাতভর তল্লাশি ও নথি বাজেয়াপ্ত: গ্রেফতারির পরেই শঙ্করলালের বাড়ি এবং কোলিয়ারির দফতরে একযোগে তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকেরা। রাতভর অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
ইসিএল কর্মীদের অভিযোগ, কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ওই নেতা দীর্ঘদিন ধরেই কাটমানি নিচ্ছিলেন। সিবিআই জানিয়েছে, বাজেয়াপ্ত নথিগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে বড় কোনও র্যা কেট বা অন্য কারও হাত রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
