পুজোর পরেই বঙ্গে পুরভোট? কলকাতা-হাওড়াসহ একাধিক এলাকায় ভোটের তোড়জোড়! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 20268:33 am
শারদোৎসবের আনন্দ শেষ হতে না হতেই রাজ্য রাজনীতিতে বাজতে চলেছে ভোটের বাদ্যি। নবান্ন সূত্রে খবর, চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহেই কলকাতা ও হাওড়া পৌরনিগমে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। চলতি মাসের শেষেই এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চূড়ান্ত অবস্থান জানিয়ে দেওয়া হবে।
শুধু দুই প্রধান শহরই নয়, একই সময়ে বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াংয়ের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলিতেও ভোট করানোর তোড়জোড় চলছে। ভোটপ্রক্রিয়া নির্বিঘ্ন করতে ওয়ার্ড পুনর্বিন্যাস, আসন সংরক্ষণ এবং ভোটার তালিকা সংশোধনের মতো কাজগুলি দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। পুজোর ছুটির আগেই সমস্ত প্রশাসনিক কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে উৎসব মিটতেই কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে।
অন্যদিকে, সম্ভাব্য এই পুরভোটকে কেন্দ্র করে বিরোধী শিবির বিজেপির অন্দরেও তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই বিশেষ নির্বাচনী কমিটি গঠন করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। কলকাতা পৌরনিগম নির্বাচনের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য নেতা সুকান্ত মজুমদারকে। ভোটের রণকৌশল ঠিক করতে সম্প্রতি শমীক ভট্টাচার্যসহ একাধিক প্রবীণ ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে, পুজোর আমেজ শেষ হওয়ার আগেই রাজ্যে পুরভোটের পারদ দ্রুত চড়তে শুরু করেছে।
