‘ইশ, যদি মিউজিকটা শিখতাম!’ কেবিসি-তে নিজের সবচেয়ে বড় আক্ষেপ প্রকাশ অমিতাভের – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 202610:33 am
জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চ মানেই শুধু সাধারণ মানুষের কোটিপতি হওয়ার গল্প নয়, এটি বিগ বি-র জীবনের নানা অজানা অভিজ্ঞতা ও অনুভূতির এক অনন্য ঠিকানা। সম্প্রতি কেবিসি-র মঞ্চে অমিতাভ বচ্চন এমন এক ব্যক্তিগত আক্ষেপের কথা প্রকাশ করলেন, যা শুনে ভক্তদের মন ছুঁয়ে গেছে।
শো চলাকালীন কন্টেন্ট ক্রিয়েটর তথা প্রতিযোগী কৃতজ্ঞ নায়ারের সঙ্গে ‘দিস অর দ্যাট’ খেলায় মেতে উঠেছিলেন উপস্থাপক অমিতাভ। সেই আড্ডার ছালেই তিনি জানান, তাঁর সারা জীবনের একটি অপূর্ণ ইচ্ছার কথা। বলিউড শাহেনশাহর আজীবন স্বপ্ন ছিল নিখুঁতভাবে গান গাওয়া কিংবা সেতারের মতো কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখা। কিন্তু কেরিয়ার ও জীবনের তীব্র ব্যস্ততায় সেই সুযোগ তিনি আর পাননি। এখনো কাউকে সুন্দর গান গাইতে বা বাদ্যযন্ত্র বাজাতে দেখলে তাঁর মনে হয়— ইশ! যদি তিনিও একটু সংগীতের তালিম নিতে পারতেন।
মজার ছলে বিগ বি আরও জানান যে, সংগীতচর্চার প্রতি ভালোবাসা থেকে তিনি বাড়িতে বাদ্যযন্ত্রও কিনেছিলেন। কিন্তু সময়ের অভাবে তা আর ব্যবহার করা হয়ে ওঠেনি। ফলে সেই বাদ্যযন্ত্রগুলোর ওপর এখন শোভা পায় শুধুই ফুলের মালা! জীবনের ৮৪টি বসন্ত পেরিয়ে এসে শত সাফল্য পেলেও, সংগীত না শিখতে পারার এই আক্ষেপ আজও সমানভাবে তাড়া করে ফেরে মহাতারকাকে।
