আমিশা প্যাটেলের ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি! ৫ লাখের হিরের বালা গায়েব, গ্রেফতার কে? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 13, 20268:33 am
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের ফ্ল্যাটে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। খোয়া গিয়েছে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের বহুমূল্য হিরের বালা! এই ঘটনায় ইতিমধ্যেই মেরিন ড্রাইভ থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেত্রীর মা আশা প্যাটেল। পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হয়েছে বাড়িরই এক পরিচারিকাকে।
কীভাবে ঘটল এই চুরির ঘটনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের চার্চগেট এলাকায় আমিশার মা আশা প্যাটেলের বাসভবন থেকে গত জানুয়ারি মাসেই ওই দামি হিরের বালাটি উধাও হয়ে যায়। প্রথম থেকেই বাড়ির গৃহপরিচারিকা সীমার ওপর সন্দেহ ছিল পরিবারের। প্রায় পাঁচ-ছয় মাস ধরে তাকে গয়নাটি ফেরত দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্তু কোনো সুরাহা মেলেনি। শেষপর্যন্ত বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় আমিশার পরিবার।
পুলিশের জালে পরিচারিকা অভিযোগ পাওয়ার পরই ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা রুজু করে তদন্তে নামে মেরিন ড্রাইভ থানার পুলিশ। এরপর ক্রাইম ডিটেকশন টিমের যৌথ অভিযানে ভিরার (Virar) এলাকা থেকে অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করা হয়। আদালতে পেশ করা হলে বিচারক তাকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এখনও অধরা গয়না, নেপথ্যে কি বড় চক্র? জানা গিয়েছে, অভিযুক্ত ওই পরিচারিকা প্রায় দেড় বছর ধরে আমিশার চার্চগেটের বাড়িতে কাজ করছিলেন। তবে চুরি যাওয়া ৫ লাখি হিরের বালাটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এই চুরির পিছনে অন্য কারও হাত রয়েছে কি না এবং ওই পরিচারিকার পুরনো কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
