ডিউটিতেই সার্ভিস রাইফেলের গুলি! বিহারে আত্মঘাতী পূর্ব মেদিনীপুরের জওয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 20268:33 am
বিহারের কিষাণগঞ্জে ডিউটি চলাকালীন সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বাঙালি জওয়ান। মৃত জওয়ানের নাম চয়ন মণ্ডল। তিনি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-মোহনা কোস্টাল থানার অন্তর্গত জাগাই বাসমন গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাত ১২টা পার হওয়ার পরপরই কিষাণগঞ্জের ঠাকুরগঞ্জ ১৯ নম্বর এসএসবি (SSB) ব্যাটালিয়নের ক্যাম্প বিকট গুলির শব্দে কেঁপে ওঠে। সহকর্মীরা দ্রুত অকুস্থলে ছুটে গিয়ে দেখেন, রক্তস্নাত অবস্থায় লুটিয়ে রয়েছেন চয়ন। দ্রুত তাঁকে উদ্ধার করা হলেও জীবন রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার তীব্রতা দেখে রাতেই ক্যাম্পে পৌঁছান এসএসবি-র ডিআইজি এ কে সিং-সহ একাধিক ঊর্ধ্বতন আধিকারিক।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিয়াপোখর থানার স্টেশন হাউস অফিসার গৌতম কুমার জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত কার্তুজের খোল বাজেয়াপ্ত করা হয়েছে। কিষাণগঞ্জের এসপি সন্তোষ কুমারের নির্দেশে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। পেশাগত মানসিক চাপ নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণ— ঠিক কী উদ্দেশ্যে ওই জওয়ান এমন চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কর্মরতো জওয়ানের এই অকালমৃত্যুর খবরে তাঁর পরিবার ও গোটা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
