মানত পূরণ হয়নি! ঈশ্বরের ওপর রাগ দেখিয়ে পুরোহিতকেই অপহরণ দুই যুবকের – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 202611:33 am
মানত পূরণ না হওয়ায় ঈশ্বরের ওপর ক্ষোভ উগরে দিয়ে পুরোহিতকে অপহরণ করার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১১৩ থানা এলাকায়। পুলিশ এই ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করে অপহৃত পুরোহিতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
জৌনপুরের বাসিন্দা আশিস ও প্রবেশ যাদব নামের দুই যুবক পুরোহিত অনিল তিওয়ারির মাধ্যমে একটি বিশেষ ধর্মীয় আচার ও যজ্ঞ সম্পন্ন করেছিলেন। তাঁদের বিশ্বাস ছিল, এর ফলে তাঁদের দীর্ঘদিনের একটি নির্দিষ্ট ইচ্ছা পূরণ হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কাঙ্ক্ষিত ফল না মেলায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সরাসরি পুরোহিতের ওপর চড়াও হন।
পরিকল্পনা অনুযায়ী, অন্য একটি ধর্মীয় অনুষ্ঠান করানোর অজুহাতে তাঁরা পুরোহিতকে কৌশলে জৌনপুরে ডেকে পাঠান। সেখানে পৌঁছানোর পর পুরোহিতকে একটি ঘরে আটকে রেখে আগের পুজোর সমস্ত খরচ ফেরত দেওয়ার দাবি তোলা হয়। শুধু তাই নয়, তাঁকে মুক্তি দেওয়ার শর্তে পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পুরোহিতের পরিবারের পক্ষ থেকে নয়ডার সেক্টর ১১৩ থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ নড়েচড়ে বসে। একটি বিশেষ দল গঠন করে সুকৌশলে ফাঁদ পাতা হয় এবং মুক্তিপণের টাকা নিতে আসার সময় সারফাবাদ এলাকা থেকে হাতেনাতে দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত পুরোহিতকে। অতিরিক্ত পুলিশ কমিশনার মনীষা সিং জানিয়েছেন, এই ঘটনা অন্ধবিশ্বাস ও চরম অবিশ্বাসের এক বিপজ্জনক দিককে আবারও সামনে নিয়ে এল।
