‘বিহারে হবে না UCC’, অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ জেডিইউ-র! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 20268:03 pm
অমিত শাহের সাম্প্রতিক ঘোষণার পরপরই বিহারে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করা নিয়ে বিজেপি ও শরিক দল জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) ফাটল প্রকাশ্যে এল। সোমবার জেডিইউ-র প্রবীণ নেতা ও বিধায়ক শ্যাম রজক সাফ জানিয়ে দেন, তাঁদের দলের সায় ছাড়া বিহারে কোনোভাবেই এই বিধি বাস্তবায়ন করা সম্ভব নয়।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ও এনডিএ শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সরাসরি বিরোধিতা করে শ্যাম রজক জানান, সংসদে এই সংক্রান্ত আইন পাসের সময় থেকেই জেডিইউ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল। বিহারে এই নীতি কার্যকর না করার বিষয়ে তাঁরা এখনও সম্পূর্ণ অনড়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সবুজ সংকেতেই শ্যাম রজক এই কড়া বার্তা দিয়েছেন। যদিও বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী বা পদ্ম শিবিরের রাজ্য নেতৃত্বের তরফে এখনও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, অভিন্ন দেওয়ানি বিধিকে কেন্দ্র করে আগামী দিনে এনডিএ জোটে টানাপোড়েন আরও বাড়ার সম্ভাবনা প্রবল।
