গণেশ বিসর্জনে চরম ট্র্যাজেডি, মূর্তির নিচে চাপা পড়ে প্রাণ গেল ৬ পড়ুয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ
September 17, 20261:28 pm
পাতানচেরু: উৎসবের মরশুমের শুরুতেই ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলার পাতানচেরু শহরে গণেশ প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভারী মূর্তির নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৬ জন পড়ুয়ার। এই আকস্মিক ট্র্যাজেডিতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে পাতানচেরুর একটি শীর্ষ তীর্থ আশ্রমের ৮ জন পড়ুয়া স্থানীয় হ্রদে গণপতি বিসর্জন দিতে যান। উপস্থিত অন্যান্যদের নিষেধ ও নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করেই তাঁরা হ্রদের গভীর জলে নেমে পড়েন। সেই সময় আচমকা ভারসাম্য হারিয়ে বিশালাকার মূর্তিটি তাঁদের ওপরই আছড়ে পড়ে। ভারী প্রতিমার নিচে আটকে পড়েন পড়ুয়ারা।
ঘটনাস্থল থেকে বশিষ্ট ও অখিল নামের দুই ছাত্র অলৌকিকভাবে সাঁতরে কূলে উঠতে পারলেও বাকি ৬ জন জলের নিচে আটকে যান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৬ জনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। উৎসবের সময়ে অসাবধানতা ও নিরাপত্তাবিধি না মানার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা ফের একবার সেই বড় প্রশ্ন তুলে দিল।
