CBFC-র দায়িত্বে প্রসেনজিৎ, মোদীজিকে শুভকামনা জানিয়ে কী লিখলেন অভিনেতা? – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে বিনোদন জগৎ থেকে রাজনীতির অলিন্দে শুভেচ্ছার জোয়ার। তবে সমস্ত বার্তার মাঝে আলাদা করে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিশেষ পোস্ট।
ফেসবুকের পাতায় প্রধানমন্ত্রীকে ট্যাগ করে প্রসেনজিৎ লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, আনন্দ এবং দেশসেবায় অবিচল থাকতে পারার শক্তি বৃদ্ধি পাক এই কামনা করি। আপনি সর্বদা সাফল্য ও সার্থকতা লাভ করুন।” অভিনেতার এই পোস্টে মুহূর্তের মধ্যেই শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী থেকে শুরু করে বহু নেটিজেন তাঁদের প্রতিক্রিয়া জানান।
এই বার্তার পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (CBFC)-এর নতুন ১৮ সদস্যের প্যানেল গঠন করা হয়েছে, যেখানে আগামী তিন বছরের জন্য অন্যতম সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
একদিকে সেন্সর বোর্ডের গুরুদায়িত্ব প্রাপ্তি, অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর এই আন্তরিক বার্তা—দুইয়ের সমীকরণ নিয়ে এখন টলিপাড়ায় জোর চর্চা চলছে। উল্লেখ্য, এই বিশেষ দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্যের একাধিক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
