অসুস্থ বাবাকে সজোরে লাথি! মেয়ের নৃশংসতার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অ্যাকশনে পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 20267:58 am
হাবড়া: অসুস্থ বাবাকে দেখাশোনার নাম করে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে আসা, তারপর কৌশলে যাবতীয় সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে চরম শারীরিক নির্যাতন! হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকায় নিজের মেয়ের হাতেই নির্মম অত্যাচারের শিকার হলেন এক বৃদ্ধ। ঘটনার একটি চাঞ্চল্যকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিযুক্ত মেয়ে তন্দ্রিমা দে-কে আটক করেছে হাবড়া থানার পুলিশ।
কী ঘটেছে ঠিক? স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে অসুস্থ বাবাকে দেখভালের কথা বলে নিজের কাছে এনে রেখেছিলেন তন্দ্রিমা। কিন্তু অভিযোগ, বৃদ্ধের সম্পত্তি নিজের নামে হস্তান্তরিত করিয়ে নেওয়ার পর থেকেই তাঁর ওপর নেমে আসে নির্মম নির্যাতন।
ভাইরাল নক্কারজনক ভিডিয়ো: নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে— মাটিতে অসহায় অবস্থায় বসে রয়েছেন বৃদ্ধ, আর এক মহিলা তাঁকে সজোরে লাথি মারছেন। স্থানীয়দের দাবি, লাথি মারা ওই মহিলাই তন্দ্রিমা। এই নৃশংস মারধরের কারণে বৃদ্ধের চোখে গুরুতর আঘাত লেগেছে। এমনকি বুক, পেট ও গলায় মারাত্মক চোট পাওয়ায় তিনি ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছেন না।
প্রতিবেশীদের ক্ষোভ ও পুলিশের পদক্ষেপ: এলাকাবাসীর অভিযোগ, অসহায় বৃদ্ধকে বাঁচাতে গেলে উল্টে তাঁদেরও ভয়ভীতি দেখাতেন ও শাসাতেন তন্দ্রিমা। তবে নির্যাতনের ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা এবং হাবড়া থানায় খবর দেন।
খবর পেয়েই দ্রুত পুলিশ গিয়ে তন্দ্রিমাকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাঁকে সাময়িক ছাড়া হলেও, ভবিষ্যতে ওই বৃদ্ধের ওপর যেন আর কোনো নির্যাতন না হয়, সে বিষয়ে কড়া নজরদারির আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
