‘আমিই ঈশ্বর, মা-কে আমিই মেরেছি!’ মাকে জীবন্ত পুড়িয়ে মারল ছেলে – এবেলা

এবেলা ডেস্কঃ
September 21, 202612:35 pm
পাটনা: নেশার ঘোরে জন্মদাত্রী মাকে জীবন্ত পুড়িয়ে মারার এক নৃশংস অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধে। কেবল হত্যাকাণ্ডই নয়, ঘটনার পর গ্রেফতার করতে আসা পুলিশের ওপর চড়াও হওয়া এবং নিজেকে ‘ঈশ্বর’ বলে দাবি করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘাতক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার খাজেকালন থানার অন্তর্গত দিওয়ান মহল্লা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মঞ্জু দেবী (৬০)। অভিযুক্ত ছেলে চিন্টু কুমার পেশায় একজন অটোরিকশা চালক এবং মারাত্মক মাদকাসক্ত। অভিযোগ, ঘটনার সময় চিন্টু চরম নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই তিনি ঘরের ভেতর নিজের বৃদ্ধা মাকে আগুনে পুড়িয়ে মারেন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে খাজেকালন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ওই মহিলার মৃত্যু হয়।
অভিযুক্তকে আটকের চেষ্টা করতেই শুরু হয় নতুন ড্রামা। পুলিশ আধিকারিকদের ওপর চড়াও হন চিন্টু এবং হাতাহাতি শুরু করেন। পরবর্তীতে পুলিশ তাকে কাবু করে গ্রেফতার করে।
গ্রেফতারির পরেও অভিযুক্তের আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক। পুলিশের সামনে দাঁড়িয়েই তিনি দাবি করতে থাকেন, “আমিই ঈশ্বর, এটা কলিযুগ। তাই আমিই মাকে মেরেছি।”
বর্তমানে পুলিশ মঞ্জু দেবীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাটনার এনএমসিএইচ (NMCH)-এ পাঠিয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্ত কী ধরনের মাদক সেবন করেছিলেন এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
