বন্ধ হচ্ছে গ্যালিফ স্ট্রিটের বেআইনি পশুপাখির কারবার! কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 22, 20265:51 pm
উত্তর কলকাতার বিখ্যাত গ্যালিফ স্ট্রিটের পশুপাখির হাটে এবার কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। রবিবার থেকেই এই হাটে পাখি, পোষ্য প্রাণী, মাছ ও গাছের সব ধরনের অবৈধ কেনাবেচা বন্ধ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রবীন্দ্র ভিঠলরাও ঘুগে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশ, শুল্ক দফতর এবং রাজ্য বন দফতরকে যৌথভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু বিপন্ন প্রজাতির পাখির ক্ষেত্রেই প্রযোজ্য নয়— কুকুর, বিড়াল, উভচর প্রাণী, বিরল মাছ ও গাছের বেআইনি বিক্রির ক্ষেত্রেও সমভাবে কার্যকর হবে।
হাইকোর্টের মূল নির্দেশিকা ও পদক্ষেপ:
- সাদা পোশাকে নজরদারি: অবৈধ কারবারিদের হাতেনাতে ধরতে শুল্ক দফতর এবং বন দফতরের আধিকারিকদের সাদা পোশাকে বা ছদ্মবেশে বাজারে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
- রবিবার থেকেই তৎপরতা: আগামী রবিবার থেকেই যাতে গ্যালিফ স্ট্রিট হাটে কোনও বেআইনি কারবার না চলে, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।
- শুল্ক দফতরের প্রতিশ্রুতি: আদালতের শুনানিতে শুল্ক দফতরের তরফে আশ্বস্ত করা হয়েছে যে, তাদের একতিয়ারের মধ্যে থাকা সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে।
অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, প্রতি রবিবার গ্যালিফ স্ট্রিটে নিয়ম বুড়ো আঙুল দেখিয়ে নানাবিধ পোষ্য ও উদ্ভিদ বেআইনিভাবে বিক্রি করার একাধিক অভিযোগ উঠে এসেছে। আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
