ষষ্ঠীর আগেই পকেটে টাকা! ১৫ অক্টোবরের মধ্যেই সরকারি কর্মীদের বেতন ও পেনশনের ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
September 23, 20261:05 pm
কলকাতা: দুর্গাপুজোর মরশুমে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক বিরাট আনন্দের খবর শোনাল নবান্ন। আগামী অক্টোবর মাসের বেতন ও পেনশন নির্দিষ্ট সময়ের অনেকটাই আগেই কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে চলেছে। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যেই অক্টোবরের মাইনে ও পেনশন দিয়ে দেওয়া হবে।
১৬ অক্টোবর পড়েছে দুর্গাপুজোর মহাষষ্ঠী। উৎসবের আনন্দ পুরোপুরি শুরু হওয়ার আগেই যাতে কর্মীরা কেনাকাটা এবং পুজোর যাবতীয় খরচ মেটাতে পারেন, সেই উদ্দেশ্যেই এই আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, কেবল নিয়মিত সরকারি কর্মচারীরাই নন, যাঁরা পেনশন বা ফ্যামিলি পেনশন পান, তাঁরাও ১৫ অক্টোবরের মধ্যেই টাকা পেয়ে যাবেন।
এর পাশাপাশি কর্মীদের দৃষ্টি রয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ (DA)-র দিকেও। পূর্বঘোষণা অনুযায়ী এই মাসেই ২০ শতাংশ ডিএ-র টাকা হস্তান্তরিত হওয়ার কথা রয়েছে। ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে জোরালো আশা তৈরি হয়েছে যে, ১৫ অক্টোবরের মধ্যে বেতনের সঙ্গে এই ২০ শতাংশ ডিএ-র টাকাও অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। নবান্নের এই তড়িঘড়ি পদক্ষেপে পুজোর মুখেই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারী মহলে।
