৩ মাসের মাথায় পরপুরুষের সঙ্গে হাতেনাতে পাকড়াও! বিধবাকে খুঁটিতে বেঁধে চুনকালি – এবেলা

৩ মাসের মাথায় পরপুরুষের সঙ্গে হাতেনাতে পাকড়াও! বিধবাকে খুঁটিতে বেঁধে চুনকালি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক বিধবা নারী ও তাঁর প্রেমিককে খুঁটিতে বেঁধে মুখে চুনকালি মাখানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা পৌরসভার গোঁসাইবাজার জহরপুকুর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ২৩ বছর বয়সী ওই তরুণীর স্বামী মাত্র তিন মাস আগে মারা যান। ঘর থেকেই উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। মৃত স্বামী ও ওই তরুণী দুজনেই কর্মসূত্রে হায়দরাবাদে থাকতেন। মাস তিনেক আগে তাঁরা গ্রামে ফেরার পরেই দম্পতির মধ্যে চরম অশান্তি শুরু হয় এবং এর পরেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

গতকাল মঙ্গলবার রাতে ওই তরুণীর ঘরে এক অচেনা যুবককে ঢুকতে দেখেন প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা ঘরে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদের মুখে তরুণী প্রথমে দাবি করেন, যুবকটি তাঁর মাসতুতো ভাই। কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা স্পষ্ট জানান, ওই যুবককে তারা কেউ চেনেনই না।

এর পরেই ক্ষুব্ধ এলাকাবাসী আইন নিজের হাতে তুলে নেন। তরুণী ও তাঁর সঙ্গীকে ঘর থেকে টেনে বের করে খুঁটিতে বেঁধে মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের একাংশের দাবি, হায়দরাবাদে থাকার সময় থেকেই সুন্দরবনের বাসিন্দা ওই যুবকের সঙ্গে তরুণীর পরকীয়া সম্পর্ক ছিল। স্বামী সেই কথা জেনে ফেলাতেই কি তাঁদের অশান্তি এবং মৃত্যু? তরুণীর স্বামী আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছিল— তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের এভাবে আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ পরবর্তীতে দুজনকে ছেড়ে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *