‘সবকিছুর একটা সীমা থাকা উচিত!’ রাজনৈতিক হামলা নিয়ে বিরোধীদের তোপ দিলীপের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ওপর হামলা এবং বারুইপুর আদালতে সিপিআইএম নেতা তথা আইনজীবী সায়নী বন্দ্যোপাধ্যায়ের দিকে ডিম ছোড়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই জোড়া ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিরোধী দলগুলোকেই নিশানা করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই হিংসা ও বিক্ষোভের সংস্কৃতি বিরোধীদেরই তৈরি করা, যদিও এই ধরনের আক্রমণ বিজেপি সমর্থন করে না।
প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে পূর্ব যাদবপুর থানার সামনে মারধরের ঘটনাকে স্রেফ ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, “হুমায়ুন কবীরকে মারতে যাবে কেন? উনি তো তৃণমূলও নন, বিজেপিও নন। বিরোধী দলগুলো আজ হতাশ ও নিরাশ। ওরা নিজেরা ভাঙচুর আর ড্রামা করে খবর তৈরি করার চেষ্টা করছে। কারণ বিজেপিকে না টানলে খবর হয় না।”
অন্যদিকে, বারুইপুর আদালত চত্বরে সিপিআইএম-এর আইনজীবী নেতা সায়নী বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ছোড়ার ঘটনায় কিছুটা সমালোচনার সুরও শোনা যায় দিলীপ ঘোষের গলায়। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আদালত চত্বরে কেউ কী করে ডিম নিয়ে ঢুকে পড়ছে, সেটা দেখা উচিত। সবার সবকিছুর একটা সীমা থাকা উচিত।”
তবে একই সাথে এই বিক্ষোভের সংস্কৃতির জন্য সিপিআইএম এবং তৃণমূলকেই দায়ী করে তিনি বলেন, “হাইকোর্টে বিচারপতিকে ঘিরে বিক্ষোভ দেখানো কারা শুরু করেছিল? এসব তো এখন একটা কালচার হয়ে গেছে। আমরা চাই এই ধরনের হামলা ও রাজনীতি বন্ধ হোক।”
