গঙ্গায় বাঁধ ভাঙনে থমকে রেল পরিষেবা! কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল ও ঘুরপথে? দেখুন তালিকা – এবেলা
/indian-express-bangla/media/media_files/2025/07/02/railone-2025-07-02-16-30-58.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
September 30, 202612:40 pm
রেললাইনের একদম গা ঘেঁষে গঙ্গার ভয়াবহ ভাঙন। পরিস্থিতি সামাল দিতে এবং বড়সড় দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করেছে পূর্ব রেল। তবে এই মেরামত কাজের জেরে মালদা ডিভিশনে ব্যাপক বিপর্যস্ত ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে ইন্টারসিটি সহ একাধিক মেমু ট্রেন, আবার বহু দূরপাল্লার এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করেছে রেল কর্তৃপক্ষ।
কোথায় সমস্যা? পূর্ব রেল সূত্রে খবর, মালদা ডিভিশনের অন্তর্গত সাহিবগঞ্জ-বারহারওয়া শাখার সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় গঙ্গার বাঁধে ধস দেখা দিয়েছে। ট্র্যাকের সুরক্ষায় সেই কাটা অংশে মেরামতির কাজ চলায় ডাউন লাইনে ট্রেন চলাচলে এই বড়সড় রুট বদল ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল?
- ২৯ সেপ্টেম্বর: ৬৩০৭৩ রামপুরহাট-সাহিবগঞ্জ মেমু এবং ৬৩৪০৬ সাহিবগঞ্জ-রামপুরহাট মেমু।
- ৩০ সেপ্টেম্বর: ৬৩০৭৪ সাহিবগঞ্জ-রামপুরহাট মেমু এবং ১৩৪২৮ সাহিবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।
ঘুরপথে চলবে যেসব এক্সপ্রেস ট্রেন: যাত্রীদের সুবিধার্থে কিছু ট্রেন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিকল্প রুটে চালানো হচ্ছে—
- ভাগলপুর-দুমকা-রামপুরহাট রুটে: ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস, ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর-হাওড়া এক্সপ্রেস।
- জামালপুর-মুঙ্গের-কাটিহার রুটে: ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল এবং ১৫৭৪৪ ভাটিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস।
- কিউল-ঝাঝা-আসানসোল-খানা রুটে: ০৩০৩০ নাতেসর-হাওড়া স্পেশাল ট্রেন।
সংক্ষিপ্ত করা হয়েছে যেসব ট্রেনের যাত্রাপথ:
- ১৩৪১০ কিউল-মালদা টাউন এক্সপ্রেস গন্তব্য মালদা টাউন পর্যন্ত না গিয়ে সাহিবগঞ্জেই যাত্রা শেষ করবে।
- ৫৩৪০৮ জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন সাহিবগঞ্জ পর্যন্ত গিয়েই যাত্রা শেষ করবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁধের মেরামতি কাজ দ্রুত শেষ করে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। যাত্রীদের স্টেশনে রওনা হওয়ার আগে ট্রেন চলাচলের সাম্প্রতিক আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
