মদের লাইসেন্সে বড় রদবদল! হাসপাতাল-স্কুল থেকে কত দূরে খুলবে দোকান? জানাল রাজ্য – এবেলা

এবেলা ডেস্কঃ
September 30, 202612:42 pm
পশ্চিমবঙ্গে নতুন মদের দোকান খোলা ও লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের আবগারি দফতর খুচরো মদ বিক্রির লাইসেন্স সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। এই নয়া বিধিতে শহরাঞ্চলে মদের দোকানের দূরত্বের মাপকাঠি বদলানোর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া দোকানগুলি পুনরায় চালু করারও সুযোগ দেওয়া হয়েছে।
দূরত্ববিধিতে বড় বদল নতুন নির্দেশিকা অনুযায়ী, শহরাঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে মদের দোকানের দূরত্ব এখন থেকে অন্তত ৫০০ মিটার হতে হবে। আগে এই দূরত্বের সীমা ছিল ১,০০০ ফুট (প্রায় ৩০৫ মিটার)। অর্থাৎ, স্পর্শকাতর এলাকা থেকে মদের দোকানের দূরত্ব এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হলো।
বন্ধ ও পুরোনো স্থান ব্যবহারের সুযোগ এতদিন কোনো মদের দোকানের লাইসেন্স বাতিল, সমর্পণ বা প্রত্যাহার হলে সেই জায়গাটি অব্যবহৃত পড়ে থাকত। সংশোধিত বিধিতে এই ধরনের বন্ধ জায়গায় নির্দিষ্ট শর্ত মেনে নতুন লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। এছাড়া, ৪(এইচ) থেকে ৪(কে) শ্রেণির এফএল ‘অন’ শপের বিদ্যমান পরিকাঠামোকে ৪(পি) শ্রেণির লাইসেন্সের আওতায় ব্যবহারের পথও সুগম করা হয়েছে।
কাদের ওপর প্রভাব পড়বে? আবগারি দফতর স্পষ্টভাবে জানিয়েছে, এই নতুন দূরত্বের নিয়মটি শুধুমাত্র নতুন লাইসেন্স এবং নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই কার্যকর হবে। যেসব দোকান আগে থেকেই চালু রয়েছে, সেগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
সরকারের আশা, দীর্ঘদিন অব্যবহৃত থাকা উপযুক্ত জায়গাগুলিকে আবগারি ব্যবস্থার আওতায় আনলে ব্যবসার পরিসর বৃদ্ধির পাশাপাশি রাজ্যের রাজস্ব সংগ্রহেও গতি আসবে।
