UNESCO-র নাম ভাঙিয়ে ৫০ কোটির ‘পুজো জালিয়াতি’! ইডি দফতরে জেরার মুখে ইন্দ্রনীল সেন – এবেলা

এবেলা ডেস্কঃ
September 30, 20261:52 pm
কলকাতা: দুর্গাপুজোর ‘ইউনেস্কো’ (UNESCO) হেরিটেজ স্বীকৃতিকে হাতিয়ার করে কোটি কোটি টাকার ‘ভুয়ো পাস’ ও প্রি-টিকিট বিক্রির অভিযোগ! জালিয়াতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) আতশিকাচে প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। সল্টলেকের সিজিঅ কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হয়েছেন প্রাক্তন মন্ত্রী।
৫০ থেকে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ: তৃণমূল জমানায় তথ্য ও সংস্কৃতি দফতরের একাধিক লেনদেনে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। অভিযোগ, দুর্গাপুজোর ভিআইপি পাস ও প্রি-টিকিট দেওয়ার নামে বেআইনি ব্যবসা খুলেছিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুচন্দ্রা সেন। ইউনেস্কোর নাম ভাঙিয়ে বাজার থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকা তোলা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।
ইডির মুখোমুখি ইন্দ্রনীল, বয়ান রেকর্ড: ইডির তলবে সাড়া দিয়ে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় জরুরি কাগজপত্র নিয়ে সিজিঅ কমপ্লেক্সে পৌঁছান ইন্দ্রনীল সেন। দুই তদন্তকারী আধিকারিক তাঁর বয়ান রেকর্ড করছেন। ইডির মূল প্রশ্ন—
- ইউনেস্কোর নাম ব্যবহার করে কেন ও কার নির্দেশে এই প্রি-টিকিট বিক্রি হয়েছিল?
- এই জালিয়াতি চক্র কীভাবে কাজ করত এবং তোলা টাকা কোথায় গেল?
রাজ্যজুড়ে ১৫ জায়গায় ইডির মেগা রেইড: মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের অন্তত ১৫টি জায়গায় কোমর বেঁধে অভিযান শুরু করে ইডি। প্রাক্তন মন্ত্রীর একাধিক ঠিকানা তাদের স্ক্যানারে রয়েছে:
- কসবা ও হাইল্যান্ড পার্কের বাসস্থান।
- হিন্দুস্থান পার্কে ইন্দ্রনীল সেনের মেয়ের বাড়ি।
- সিঙ্গুরে তাঁর বাগানবাড়ি ‘মোহর’।
ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তাদেরও জেরা: শুধু প্রাক্তন মন্ত্রীই নন, এই পুজো পরিক্রমার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সংস্থার ভাইস প্রেসিডেন্ট সায়ন্তন মিত্রসহ একাধিক কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তাঁদের বয়ানের সঙ্গে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে বলে খবর ইডি সূত্রে।
