ঘাটালবাসীর বড় স্বস্তি! ১২০০ কোটির মাস্টার প্ল্যানে জুন ডেডলাইন মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
September 30, 20265:58 pm
বর্ষা এলেই ছন্দে ব্যাঘাত, প্লাবিত পথঘাট আর টানা জলযন্ত্রণা— ঘাটালবাসীর এই দীর্ঘদিনের দুর্দশা এবার ঘুচতে চলেছে। ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) বাস্তবায়নে কড়া সময়সীমা বেঁধে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে তিনি জানান, আগামী বছরের জুন মাসের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের সিংহভাগ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
১২০০ কোটি টাকা মঞ্জুর ও যৌথ অর্থায়ন এদিন সভাস্থলে পৌঁছানোর আগে হেলিকপ্টারে ভেসে যাওয়া ঘাটাল অঞ্চল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে বীরসিংহের সভা থেকে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ১২০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য ৫০ শতাংশ করে খরচের দায়িত্ব নেবে এবং বিপর্যয় মোকাবিলা তহবিল থেকেও আর্থিক সাহায্য মিলবে।
জমি অধিগ্রহণ ও পুজোর পরই কাজ প্রকল্পের গতিপ্রকৃতি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইতোমধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। দুর্গাপূজা মিটলেই পুরোদমে মূল কাজ শুরু করা হবে। কাজ যাতে নির্দিষ্ট সময়ে এগোয়, তার জন্য ঘাটাল ও দাসপুরের স্থানীয় বিধায়কদের সরেজমিনে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
কাঁচা বাড়ির মালিকদের ১.৮০ লক্ষ টাকা সাহায্য ঘাটাল মাস্টার প্ল্যানের পাশাপাশি নদী তীরবর্তী প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা করা হয়। গঙ্গাপাড়ের ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ির তালিকা দ্রুত তৈরির নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি কাঁচা বাড়ির মালিককে রাজ্য সরকারের তরফে ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দেওয়া হবে।
ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত কার্যকর হওয়ার আশ্বাস এবং সরকারি বরাদ্দের ঘোষণায় দীর্ঘদিন পর স্থায়ী সমাধানের মুখ দেখছেন স্থানীয় বাসিন্দারা।
