রাতারাতি বন্ধ হয়েছিল ৯০০-র বেশি হোটেল, হাইকোর্টের কড়া নির্দেশ মেনে পিছু হটল কলকাতা পুরসভা – এবেলা

এবেলা ডেস্কঃ
মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শহরের হোটেল ও গেস্ট হাউসগুলিতে কড়া ধরপাকড় শুরু করেছিল কলকাতা পুরসভা। দমকল ও পুলিশের যৌথ পরিদর্শনে সামান্য গাফিলতি পেলেই সরাসরি ঝুলিয়ে দেওয়া হচ্ছিল ক্লোজার নোটিস। ইতিমধ্যেই ৯১৯টির বেশি হোটেল সিল করে দিয়েছে পুরসভা। কিন্তু আইনি প্রক্রিয়া না মেনে আচমকা এই পদক্ষেপ নেওয়ায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল পুর কর্তৃপক্ষ। আদালতের কড়া পর্যবেক্ষণ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বা শুনানির ব্যবস্থা না করে এভাবে রাতারাতি ব্যবসা বন্ধ করে দেওয়া অনুচিত। ভুল শুধরানোর সময় দেওয়া প্রয়োজন। আদালতের এই ভর্ৎসনার পরেই কার্যত বাধ্য হয়ে শহরে হোটেল ও গেস্ট হাউস পরিদর্শন আপাতত স্থগিত রেখেছে কলকাতা পুরসভা।
যেসব হোটেল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলি পুনরায় চালুর জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ৩০০টি গেস্ট হাউস পুনরায় ব্যবসা চালুর আবেদন জানিয়েছে। কর্তৃপক্ষের দাবি, নির্দিষ্ট নথিপত্র খতিয়ে দেখে সন্তোষজনক মনে হলে ফের ব্যবসা করার অনুমতি মিলবে। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, ভবিষ্যতে সেফটি অডিট ফের চালু হলেও সরাসরি হোটেল সিল করা হবে না। হাইকোর্টের নির্দেশিকা মেনে এবার থেকে কোনো খামতি ধরা পড়লে আগে শুনানির নোটিস দেওয়া হবে। মালিকপক্ষ উপযুক্ত নথিপত্র দেখাতে ব্যর্থ হলে তবেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
