নতুন ভোটার ফর্মে গোপন বদল, টিসিএস ও নির্বাচন কমিশনকে তুলোধোনা করে সরব রাহুল গান্ধী – এবেলা

নতুন ভোটার ফর্মে গোপন বদল, টিসিএস ও নির্বাচন কমিশনকে তুলোধোনা করে সরব রাহুল গান্ধী – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন ভোটার নিবন্ধনের জন্য নির্ধারিত ‘ফর্ম ৬’-এ বেআইনি পরিবর্তনের মারাত্মক অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যমে তোপ দেগে তিনি প্রশ্ন তোলেন, ঠিক কোন আধিকারিকের নির্দেশে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস এই রদবদল করেছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক চাপ ছিল কি না। মূলত নির্বাচন কমিশনের ইসিআইনেট পোর্টাল পরিচালনায় যুক্ত রয়েছে টিসিএস। জানা গেছে, অনলাইন ফর্ম ৬-এর সঙ্গে আবেদনকারীর পূর্বপুরুষদের ভোটাধিকার সংক্রান্ত একটি অতিরিক্ত ঘোষণাপত্র যুক্ত করা হয়, যার তীব্র বিরোধিতা করেছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। তাঁদের মতে, ১৯৬০ সালের আইন সংশোধন না করে এই পদক্ষেপ কমিশনের এক্তিয়ার বহির্ভূত। বিতর্ক বাড়তেই কমিশন দাবি করেছে, আইনি ফর্মে পরিবর্তন না করে কেবল একটি পৃথক পরিশিষ্ট যুক্ত করা হয়েছিল যা কাজ শেষে কয়েকটি রাজ্য থেকে সরানো হয়েছে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলাস্তরে ‘সংবিধান বাঁচাও পদযাত্রা’ বা ‘সেভ ডেমোক্রেসি মার্চ’ পালন করা হবে। পাশাপাশি আগামী ৬ অক্টোবর বিরোধী সাংসদদের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবে। পুরো পরিস্থিতির গভীর উদ্বেগ ও অনিয়মের বিষয়টি তুলে ধরতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই নজিরবিহীন ভোটার ফরম বিতর্ককে কেন্দ্র করে বর্তমানে কেন্দ্র ও বিরোধী শিবিরের মধ্যে চরম স্নায়যুদ্ধ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *