বিশ্বমঞ্চে এবার মায়াপুর ইসকন, রূপ বদলাচ্ছে নবদ্বীপও! – এবেলা

এবেলা ডেস্কঃ
ইসকন মন্দিরকে কেন্দ্র করে মায়াপুরকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই লক্ষে সম্প্রতি ইসকনের লোটাস ভবনে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী, নদিয়ার জেলা শাসকসহ প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক ও ইসকনের প্রতিনিধিরা। মন্ত্রী জানান, মন্দির সংলগ্ন প্রায় ৭০০-৮০০ একর জমি এবং পার্শ্ববর্তী এলাকাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে জাতীয় স্তরের দক্ষ আর্কিটেক্টদের দিয়ে বিশেষ ব্লু-প্রিন্ট তৈরি করা হবে।
বর্তমানে এলাকাটি পঞ্চায়েত অধীনে থাকায় নিকাশি ও বর্জ্য ব্যবস্থাপনায় যে ঘাটতি রয়েছে, যৌথ সমন্বয়ের মাধ্যমে তা দ্রুত দূর করা হবে। রাস্তাঘাট, পরিবহন ও পর্যটন পরিকাঠামোর আধুনিকীকরণের পাশাপাশি নবদ্বীপকে রাজ্যের পাঁচটি স্মার্ট সিটির অন্তর্ভুক্ত করে মায়াপুর ও নবদ্বীপ—দুই অঞ্চলকেই সুনির্দিষ্ট পরিকল্পনায় সাজিয়ে তোলার কাজ শুরু হচ্ছে।
