নির্বাচন কমিশনের নির্দেশে বড়সড় কারচুপির গন্ধ? বিস্ফোরক প্রশ্ন তুলে তোলপাড় ফেললেন রাহুল! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) চলাকালীন অনলাইন ‘ফর্ম ৬’-এ আকস্মিক পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পায় যে, এই বেআইনি পরিবর্তন নিয়ে খোদ নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী আপত্তি জানিয়েছিলেন। সামাজিক মাধ্যমে রাহুল প্রশ্ন তোলেন, কার নির্দেশে এবং টিসিএস-এর কোন কর্তার সইয়ে পোর্টালে এই নতুন শর্ত যুক্ত করা হলো? আবেদনকারীর পূর্বপুরুষদের নাম আগের তালিকায় ছিল কি না—এমন অতিরিক্ত ঘোষণাপত্র চাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে, যদিও নির্বাচন কমিশন দাবি করেছে যে তারা সব নিয়ম মেনেই কাজ পরিচালনা করছে।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোড়ন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনে নামছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। বিরোধী দলগুলো ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও মার্চ’ করার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৬ অক্টোবর নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর এই ধরনের আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর পাশাপাশি বিরোধী নেতৃত্ব অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করেছে।
