ছেলের খুনের বদলা! তুলে এনে পিটিয়ে মারা হলো যুবককে, গ্রেপ্তার মা সহ ৪

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার কামরাবাদ এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহত গোপাল হালদার বছর দেড়েক আগের একটি খুন মামলার জামিনপ্রাপ্ত অভিযুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাইক সারানোর সময় গোপালের ছবি তুলে এক ব্যক্তির কাছে পাঠানো হয়। এরপরই তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় পূর্বের মামলার নিহতের বাড়ির সামনে। সেখানে পৌঁছানোর পর লাল্টু হাজরার পরিবারের লোকজনের সঙ্গে গোপালের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়।
অভিযোগ, লাল্টুর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মিলে গোপালকে বেধড়ক মারধর করেন, যার ফলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, লাল্টুর খুনের বদলা নিতেই এই পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে। এই ঘটনায় লাল্টুর মা, দুই ভাই এবং ছবি তুলে পাঠানো ওই যুবকসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। নিহতের বিরুদ্ধেও পূর্বে একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল বলে জানিয়েছে প্রশাসন।
