মা ফ্লাইওভারে জ্যাম থেকে মুক্তি! এবার ওঠার মুখেই জ্বলজ্বল করবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড – এবেলা

এবেলা ডেস্কঃ
মা ফ্লাইওভারে গাড়ি খারাপ কিংবা ছোটখাটো দুর্ঘটনা— যানজট যেন নিত্যদিনের সঙ্গী। আর না জেনে ফ্লাইওভারে উঠে গিয়ে ট্রাফিকের ফাঁদে পড়ে বিরক্ত হন সাধারণ মানুষ। এই ভোগান্তি থেকে শহরবাসীকে মুক্তি দিতে এবার অভিনব উদ্যোগ নিল কলকাতা ট্রাফিক পুলিশ। সোমবার থেকে মা ফ্লাইওভারে ওঠার মুখেই বসানো হচ্ছে ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড।
কোথায় কোথায় বসছে এই বোর্ড? জেডব্লিউ ম্যারিয়ট, সায়েন্স সিটি, ইএম বাইপাস, দরগা রোড এবং শামসুল হুদা রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ডিসপ্লে বোর্ডগুলি লাগানো হবে। এই বোর্ডে বড় বড় অক্ষরে ‘রোড ক্লোজড অ্যাহেড’ (Road Closed Ahead) এবং ‘রোড ক্লিয়ার’ (Road Clear) সিগন্যাল দেখতে পাবেন চালকরা। ফলে ফ্লাইওভারের পরিস্থিতি কেমন, তা চালকরা আগেই বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেদের রুট ঠিক করতে পারবেন।
কাটআউট বাড়ল ফ্লাইওভারে যানজটের সমস্যা আরও গভীরে গিয়ে মেটানোর জন্য ফ্লাইওভারে মিডিয়ান কাটআউটের সংখ্যাও বাড়ানো হয়েছে। এতদিন মা ফ্লাইওভারে মাত্র তিনটি মিডিয়ান কাটআউট ছিল, যার সঙ্গে আরও নতুন তিনটি কাটআউট যোগ করা হচ্ছে। এর ফলে জরুরি কোনো পরিস্থিতিতে নির্দিষ্ট কোনো অংশ আটকে বিকল্প পথ দিয়ে খুব সহজেই গাড়ি ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে। ট্রাফিক পুলিশের আশা, এতে শহরের অন্যতম ব্যস্ত এই ফ্লাইওভারে গাড়ি চলাচল আরও মসৃণ হবে।
আসছে আরও আধুনিক প্রযুক্তি কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার (ট্র্যাফিক) সম্ভব জৈন জানিয়েছেন, মা ফ্লাইওভারের পর এবার ধীরে ধীরে কলকাতার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও এই বিশেষ ব্যবস্থা চালু করা হবে। শুধু তাই নয়, আগামী দিনে ‘অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন’ (ANPR) ক্যামেরার মাধ্যমে গাড়িগুলির ফিটনেস এবং পলিউশন সার্টিফিকেট (PUC) আছে কি না, তাও চেক করা হবে। ক্যামেরায় নাম্বার প্লেট স্ক্যান হওয়া মাত্রই গাড়ির যাবতীয় তথ্য পৌঁছে যাবে সরাসরি কন্ট্রোল রুমে।
