সাপের মতো দেখতে সমুদ্রের বিরল মাছের সন্ধান, কাঁথিতে গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

পূর্ব মেদিনীপুরের কাঁথির পেটুয়াঘাটে দেখা মিলল অত্যন্ত বিরল প্রজাতির এক ঈল মাছের। সাপের মতো দেখতে এই মাছটি গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ার পর উৎফুল্ল হয়ে উঠেছেন মৎস্যবিজ্ঞানীরা। পূর্বে ওড়িশা অঞ্চলেও দেখা গেলেও বঙ্গোপসাগরের পেটুয়াঘাটে এই বিরল জলজ প্রাণীর উপস্থিতি সমুদ্রের সুস্বাস্থ্যে নজর কাড়ছে। গবেষকদের মতে, এই মাছের উপস্থিতি প্রমাণ করে যে বঙ্গোপসাগরের জলবায়ু ও জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এবং সমুদ্রের পরিবেশ এখনও দূষণমুক্ত রয়েছে, কারণ সাধারণত বিশুদ্ধ জলেই এই বিশেষ প্রজাতির মাছের আবাসন গড়ে ওঠে।
পূর্ব মেদিনীপুরের বাজকুল মালিনী মহাবিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানী দীপাঞ্জন রায় এবং জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও আইসিএআরের যৌথ গবেষক দল এই মাছটি নিয়ে বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। নতুন আবিষ্কৃত এই মাছটির ডিএনএ পূর্বের প্রজাতিগুলোর থেকে প্রায় চার শতাংশ আলাদা এবং শারীরিক গঠনেও স্বতন্ত্র বৈচিত্র্য বিদ্যমান। গবেষকরা এই বিশেষ নতুন প্রজাতির নামকরণ করেছেন ‘ব্যথিমিরাস পারপ্লেক্সাস’। এই প্রজাতির প্রকৃতি বেশ জটিল এবং শনাক্ত করা অত্যন্ত কঠিন হওয়ায় চিন্তাভাবনা করেই গবেষকরা এই বিশেষ বৈজ্ঞানিক নামটি বেছে নিয়েছেন।
