মেসেজে ‘Payment Successful’, অথচ টাকা উধাও! পুজোর আগে গয়নার দোকানে ভয়ংকর ফাঁদ, গ্রেফতার মহিলা

মেসেজে ‘Payment Successful’, অথচ টাকা উধাও! পুজোর আগে গয়নার দোকানে ভয়ংকর ফাঁদ, গ্রেফতার মহিলা

উৎসবের মরশুমে ভুয়ো অনলাইন পেমেন্টের বার্তা দেখিয়ে সোনার গয়নাহাতানোর এক অভিনব প্রতারণা চক্রের পর্দাফাঁস করল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত মহিলার নাম মধুরিমা দাস, যিনি লেক থানা এলাকার বাসিন্দা। মূলত শহরতলির বিভিন্ন সোনার দোকানকে নিশানা করে ক্রেতা সেজে ঢুকতেন তিনি। এরপর পছন্দসই গয়না কেনার পর জাল ‘পেমেন্ট সাকসেসফুল’ মেসেজ দেখিয়ে ব্যবসায়ীদের বিভ্রান্ত করে চম্পট দিতেন। সম্প্রতি কালীবাজারের এক সোনার দোকানে প্রায় ২২ হাজার টাকার গয়না কেনাকাটার পর একই কায়দায় প্রতারণা করা হয়। একাধিক দোকানে একই কৌশলে প্রতারণার শিকার হওয়ার কথা সামনে আসতেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

শেষমেশ চৌহাটি এলাকার একটি সোনার দোকানে একইভাবে প্রতারণার চেষ্টা করার সময় সন্দেহ হওয়ায় দোকানদার আটকে রাখেন ওই মহিলাকে। খবর পেয়ে পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে এবং গয়না বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে বাদুড়িয়া, খড়দহ ও রাজারহাট এলাকার দোকানেও এই চক্রের যোগসূত্রের ইঙ্গিত মিলেছে। এই ঘটনার জেরে সোনারপুর উত্তর স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সব ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কেবলমাত্র ক্রেতার মোবাইলের বার্তা না দেখে, নিজের ব্যাঙ্কে টাকা জমা পড়ার বিষয়টি নিশ্চিত হয়েই গয়না হস্তান্তরের পরামর্শ দিয়েছে পুলিশ ও সমিতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *