SRFTI, গেটে ধাক্কা বিক্ষোভকারীদের, ইটের আঘাতে রক্তাক্ত অধ্যাপক
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) ফের তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কিছুদিন আগে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে অনুষ্ঠানে বাধা এবং ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি ছেঁড়ার অভিযোগ উঠেছিল। তার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ অজয়নগর মোড় থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেয়। মিছিলটি ক্যাম্পাসের মূল গেটের সামনে পৌঁছতেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, বিক্ষোভকারীরা গেট ধরে ধাক্কাধাক্কি শুরু করলে ভিতরের পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে তীব্র ধস্তাধস্তি শুরু হয়।
উত্তেজনার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারাত্মক ইট ও জলের বোতল বৃষ্টি শুরু হয়। ইটের আঘাতে মারাত্মকভাবে আহত হন অধ্যাপক দেবাশিস সেনশর্মা। পাশাপাশি বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের দাবি, ক্যাম্পাসের ভিতর থেকে ছোড়া বোতলের আঘাতে তাদের কয়েক জন সমর্থকও জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই পুরো হিংসাত্মক ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত SRFTI কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
