পাহাড়ি রাস্তায় কালরাত্রি! দুশো ফুট খাদে গাড়ি উল্টে মৃত ১, আহত ৫ – এবেলা

পাহাড়ি রাস্তায় কালরাত্রি! দুশো ফুট খাদে গাড়ি উল্টে মৃত ১, আহত ৫ – এবেলা

এবেলা ডেস্কঃ

পাহাড়ি রাস্তায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কেঁপে উঠল কার্শিয়াং। শিলিগুড়ি ফেরার পথে কার্শিয়াঙের রোহিনী রোডের কার্গিল ধারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুশো ফুট গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি। রবিবার রাতের এই ভয়ংকর দুর্ঘটনায় এক যুবকের করুণ মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। মৃত যুবকের নাম অভিষেক সাহা, যিনি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য বাপি সাহার পুত্র। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়া এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরবর্তীতে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দু’জনের চিকিৎসা কার্শিয়াঙের স্থানীয় হাসপাতালে চললেও, বাকি তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রাতেই শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাহাড়ি রাস্তায় এই আকস্মিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *