‘নোংরামি করতে পারব না’! রাজনীতিকদের গণ্ডারের চামড়ার সঙ্গে তুলনা করে বিস্ফোরক প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজনীতি থেকে অবসরের পরই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী তথা প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে রাজনীতি ও রাজনীতিবিদদের তীব্র সমালোচনা করে তিনি জানান, ওই স্তরের নোংরামি তাঁর পক্ষে করা সম্ভব নয়। তাঁর মতে, রাজনীতি করতে গেলে গণ্ডারের মতো মোটা চামড়ার অধিকারী হতে হয়, কিন্তু সংবেদনশীল মানুষ হিসেবে তাঁরা সবসময় ব্যথা বা দুঃখ পান। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়ায় লড়ে পরাজিত হলেও পরবর্তী সময়ে বরানগরের উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন সায়ন্তিকা। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই তিনি রাজনীতির ময়দান থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে শরীরচর্চা ও নিজের জগত নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। রাজনীতি ছাড়ার পর তাঁর এই খোলামেলা ও বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানাবিধ গুঞ্জন তৈরি হয়েছে।
