নন্দীগ্রামে মেগা চমক! জিপে সওয়ার শুভেন্দু, হাতে হাত রেখে কোন বড় জল্পনা বাড়ালেন সংখ্যালঘুরা? – এবেলা

এবেলা ডেস্কঃ
নন্দীগ্রামের উপনির্বাচনের প্রচারের শেষ দিনে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল গোটা এলাকা। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে নন্দীগ্রাম ১ ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত হাজরাকাটা রাজরামচক থেকে সামসবাদ মীরের বাজার পর্যন্ত এক দীর্ঘ রোড শো করেন শুভেন্দু অধিকারী। হুডখোলা জিপ ও গাড়িতে সওয়ার শুভেন্দুকে ফুল ও উত্তরীয় দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় বাসিন্দারা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে থাকা বিশেষ পোস্টার, যেখানে লেখা ছিল ‘আমরা সরকারের সঙ্গে বন্ধুত্ব করতে চাই’। শুভেন্দুর আগের বন্ধুত্বের আহ্বানে সাড়া দিয়ে ব়্যালিতে উপস্থিত শেখ নাসির আহমেদ ও শেখ জহিরুল আলমের মতো স্থানীয় বাসিন্দারা জানান, এই বার্তায় তাঁরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।
এই মেগা রোড শো শেষে শুভেন্দু অধিকারী নিজেও নন্দীগ্রামের এই রাজনৈতিক সমীকরণ বদল নিয়ে মুখ খোলেন। তিনি জানান, এর আগের একাধিক নির্বাচনে এই নির্দিষ্ট বুথগুলিতে বিজেপি কার্যত কোনো ভোট পায়নি এবং আগে বাইরে থেকে লোক এনে প্রচার করার নীতিতে তাঁরা বিশ্বাসী ছিলেন না। তবে স্থানীয়দের আগ্রহেই এবার এই সংখ্যালঘু এলাকায় দল প্রথম কর্মসূচি পালন করল। ইতিবাচক সাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বন্ধুত্বের এই বার্তা নন্দীগ্রামে অনেকটাই কাজ করবে এবং হাত বাড়ালে তা ধরে নেওয়ার এই নতুন অধ্যায় অঞ্চলে এক ইতিবাচক পরিবর্তন আনবে।
